আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ নভেম্বর:
পৌর নির্বাচনে দলের কেউ গোঁজ প্রার্থী দেওয়ার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলো রানী সরকার। গাইঘাটার একটি অনুষ্ঠানে এসে আলোরানি সরকার দলীও নেতা কর্মীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দেন।
পৌর ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই গোঁজ প্রার্থী নিয়ে চিন্তিত তৃণমূল কংগ্রেস। কারণ এর আগে বিধানসভা নির্বাচনে গোষ্ঠী কোন্দলের কারণে দলকে বিরম্বনায় পড়তে হয়েছিল বার বার। তাই পৌর ভোটে দলের কেউ গোঁজ প্রার্থী দিলে তা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিলেন আলোরানী সরকার। তিনি বলেন, পৌরভোটে কোনওরকম গোঁজ প্রার্থী দেওয়ার চিন্তা করলে তাদের চামড়া আমি গুটিয়ে নেবো।
তিনি বলেন, যারা মানুষের জন্য কাজ করবেন এমন মুখকেই পৌর নির্বাচনে প্রার্থী করা হবে। তারা নির্বাচনে জিতে মানুষের জন্য কাজ করবে।
অন্যদিকে বনগাঁ পৌরভোটে রিগিং নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের আলো রানী দেবী বলেন, আমাদের রিগিংয়ের কোনও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণের জন্য কন্যাশ্রী, যুবশ্রী থেকে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, সমব্যাথী এইসব জনমুখী প্রকল্প চালু করায় সকল মানুষ তৃণমূলের সঙ্গেই আছে। তাই জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত।
এ বিষয়ে বিজেপির বক্তব্য, ঝি’কে মেরে বউকে শিক্ষা দেওয়া চালু করল তৃণমূল।

