TMC, Bankura, মারধরে অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার জেল হেফাজত

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ মে: প্রাণনাশের হুমকি, মারধর সহ বিভিন্ন অভিযোগে ধৃত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শ্যামসুন্দর দত্তের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া আদালত। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে পুলিশ গ্রেফতার করে।

বাঁকুড়া শহরের লালবাজারের হিন্দুস্কুল মাঠ এলাকায় গত ১৫ এপ্রিল ২০২৬ নির্বাচনের মুখে এক ব্যক্তির ওপর হামলা ও প্রাণে মারার চেষ্টা চালানোর অভিযোগ ওঠে। এই অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতা শ্যামসুন্দর দত্ত ওরফে শ্যামাকে। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তার আইনজীবী জামিনের আবেদন জানালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

রাজনৈতিক মহলে শ্যামা বাঁকুড়ার তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা রাজনীতিতে তরজা শুরু হয়েছে। শ্যামার বক্তব্য, শুক্রবার রাতে থানায় তাকে ডেকে পাঠানো হয়। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের কোনো কারণ জানানো হয়নি। তৃণমূলের পক্ষ থেকে এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে।

তবে শ্যামা গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই শহরে স্বস্তির হাওয়া লক্ষ্য করা যায়। স্থানীয়দের বক্তব্য, শ্যামা প্রভাব খাটিয়ে তোলাবাজি, মারধর, জোর করে অন্যের জমি দখল করত।

বাঁকুড়া সদর থানার পুলিশের বক্তব্য, মামলার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *