পুরভোটে রণকৌশল ঠিক করতে মহারাষ্ট্র নিবাসে বিশেষ বৈঠক তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ৪ ডিসেম্বর: কলকাতা পুরসভার প্রার্থী তালিকা ঘোষণার পর ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে ভোটপ্রচার শুরু হয়ে গিয়েছে তৃণমূলের। কিন্তু ইতিমধ্যেই প্রার্থী বদলের দাবিতে কোথাও শুরু হয়েছে বিক্ষোভ, আবার কোথাও টিকিট না পেয়ে কেউ যোগদান করছেন বিরোধী দলে। আবার কেউ নির্দন প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য জমা দিয়েছেন মনোনয়ন। তাই সমস্ত রকম পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মহারাষ্ট্র নিবাসে বিশেষ বৈঠকের আয়োজন তৃণমূল হাইকমান্ডের। দলের ডাকে এসে বৈঠকে যোগ দিলেন তৃণমূলের হেভিওয়েট থেকে নবীন সমস্ত প্রার্থীরাই।

প্রার্থীরা পৌঁছনোর মধ্যেই মহারাষ্ট্র নিবাসে এসে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-সহ সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমারের মত একাধিক শীর্ষ নেতৃত্ব। ঠিক দুপুর ২টো থেকে শুরু হয়ে প্রায় ৪৫ মিনিট ধরে চলে বৈঠক।

সূত্রের খবর, এদিনের বৈঠকে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত আলোচনার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থীদের। বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে দলের পুরভোট গাইডলাইন নিয়ে কথা বলেন অনেকেই।

সূত্রের খবর, রাজ্য সরকারের প্রকল্প সহ সমস্ত সরকারি উন্নয়নের কাজ ঠিকমত পৌঁছচ্ছে কি না, সেদিকে নজর দিতে হবে প্রার্থীদের। বলা হয়েছে, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দলের পথে কাঁটা হয়ে দাঁড়ালে ভোটের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিমান ভুলে দলে ফিরলে পরে তারা দলে তারা অন্য গুরুত্বপূর্ণ স্থান পাবেন। বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীদের সক্রিয় হতে বলা হয়েছে। সমস্ত গোষ্ঠীকোন্দল ভুলে একসঙ্গে সকলকে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে তৃণমূল প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *