শান্তিপুরে ভোররাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ মে:
ভোররাতে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুরের ফুলিয়া বুইচাপাড়া এলাকার।

অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মী স্বপন বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে একদল দুষ্কৃতী বোমা মারে, বাড়ির ছাদের সানসেটে ছুড়ে মারা বোমাটি না ফেটে গড়িয়ে পড়ে বাড়ির মধ্যে। আতঙ্কে গোটা পরিবারে। বিজেপি কর্মী স্বপন বিশ্বাস জানান, আমার আট মাসের একটি সন্তান রয়েছে, বোমাটি যদি ফাটতো তাহলে বড়সড় ক্ষতি হতে পারত, অল্পের জন্য বড় ক্ষতির হাত থেকে রেহাই পেলাম। স্বপন বিশ্বাস অভিযোগ করেন, এই ঘটনার সাথে তৃণমূলের যোগসাজশ আছে। যদিও বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। তৃণমূলের দাবি, এই ধরনের ঘৃণ্যতম কাজ তৃণমূল কংগ্রেস করে না এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য।

বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে ওই তাজা বোমাটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *