বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ৬ ডিসেম্বর: নাগাল্যান্ডে প্রতিনিধিদল পাঠাচ্ছে তৃণমূল। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুস্মিতা দেবরা যাচ্ছেন নাগাল্যান্ডে। তাঁরা যাবেন নিহতদের বাড়ি বাড়ি। সেখানে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরন শুনবেন।
নাগাল্যান্ডের ঘটনায় দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে চায় রাজ্যের শাসক দল। নাগাল্যান্ডের মায়নমার সীমান্তে মন জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিরহ গ্রামবাসীরা নিহত হয়েছেন বলে অভিযোগ। বাহিনীর কাছে খবর ছিল মায়নমার থেকে জঙ্গিরা জামায়েত হয়েছে। নাশকতা চালাতে পারে। সোর্স মারফত খবর পেয়ে অপারেশানে নামে বাহিনী। কিন্তুু বাহিনী একপ্রকার ভুল করে নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালায় বলে অভিযোগ। তারা বুঝতেই পারেনি মন জেলার ঘটনাস্থলে জঙ্গিরা নয় জমায়েত হয়েছিলেন গ্রামবাসীরা। কাজের জন্য তারা জমায়েত হয়েছিলেন। এতেই ঘটে বিপতি। অন্যদিকে গ্রামবাসীদের মৃত্যুর খবর পেয়ে বাহিনীর কনভয়ে হামলা চালায় গ্রামবাসীরা। তাতে নিহত হয়েছেন এক জওয়ান। শেষ পাওয়া খবর অনুযায়ী নাগাল্যান্ডের ঘটনায় ১৩ জন গ্রামবাসী নিহত হয়েছেন।
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের এমপিরা। এমনকি তারা সেখানকার প্রশাসনিক কর্তাদের সঙ্গে দেখা করতে পারেন। দ্রুত তদন্ত করার জন্য প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন জানাবেন তৃণমূলের সাংসদরা। অন্যদিকে নাগাল্যান্ডের এই ঘটনায় সংসদের ভিতরে চাপ বাড়াতে কাল থেকেই কৌশল নিয়েছে রাজ্যের শাসক দল। সোমবার সংসদের ভিতরে গান্ধী মূর্তির পাদদেশে তারা অবস্থান বিক্ষোভ করেছে। তদন্ত করার আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদরা। পাশাপাশি এই ঘটনায় এখনও থমথমে রয়েছে নাগাল্যান্ড। টহল দিচ্ছে পুলিশ। ঘটনায় যাতে জঙ্গিরা সূযোগ নিতে না পারে তারজন্য সক্রীয় গোয়েন্দারা।

