রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র বিক্ষোভ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭ মে: ভোটের কালি এখনও আঙুল থেকে মোছেনি, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিবিআইকে ব্যবহার করে সম্পূর্ণ অনৈতিকভাবে রাজ্যে সরকারের দুই মন্ত্রী ও এক বিধায়ককে গ্রেপ্তার করেছে। মোদী-অমিত শাহের নেতৃত্বে বিজেপি গণতন্ত্রকে হত্যা করেছে, এই অভিযোগে রায়গঞ্জ শহরের সরকারি বাস ডিপোর সামনে বিক্ষোভ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতু দাহ করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর সামনে সোমবার রাতে কেন্দ্রীয় সরকার ও তার তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আইএনটিটিইউসি’ র সদস্যরা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রায়গঞ্জ ডিপো কমিটির সভাপতি কৌশিক দে সরকার বলেন, যেখানে আজ দেশ তথা রাজ্যজুড়ে অতিমারি করোনায় বিপর্যস্ত সেইসময় মানুষের পাশে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা এবং কোভিড মোকাবিলার লড়াইয়ে নেমেছে এরাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। আর সেখানে দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে এই ভয়াবহ অবস্থায় করোনা মোকাবিলা না করে রাজনৈতিক পরাজয়কে মানতে না পেরে হিংসার রাজনীতি শুরু করেছে। মানুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন, অক্সিজেন ও কোভিড টিকার জন্য হাহাকার উঠেছে। তার কোনও ব্যবস্থা না করে রাজনৈতিক হিংসা চরিতার্থ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *