আমাদের ভারত, আরামবাগ, ২৫ আগস্ট: ডাকাত সন্দেহে ছয় যুবককে গ্রেপ্তার করলে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি অবরোধ করে রাখল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটে গোঘাট থানার পশ্চিমপাড়া ভাতসালা এলাকায়।
ঘটনার সূত্রপাত, সোমবার রাতে, ডাকাত সন্দেহে গোঘাট থানার পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। এলাকা সূত্রে জানাগেছে, ওই ছয় জন গোঘাটের তৃণমূল নেতা ফরিদ খাঁ’র অনুগামী। দীর্ঘদিন ধরে তৃণমূল নেতা ফরিদ খাঁ ও তৃণমূল নেতা আতাউল হকের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকত। ফরিদ খাঁ’র অভিযোগ, আমার লোককে ডাকাত সন্দেহে পুলিশকে দিয়ে তুলিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে দুই নেতার বচসা ও ঝামেলা প্রায় লেগেই থাকত। এরপরে বুধবার দুপুরে আতাউল হকের অনুগামীরা কামারপুকুর চন্দ্রকোনা রোডের পশ্চিমপাড়া ভাতসালা এলাকায় ফরিদ খাঁয়ের লোকজনকে ডাকাত বলে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়। এরপর ফরিদ খাঁর লোকজন ও এলাকাবাসীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ করে রাখে। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীদের অভিযোগ, পুলিশ নিরীহ যুবকদের গ্রেফতার করেছে। তবে সোমবার রাতে ঘটনাটি ঘটলেও তার প্রতিবাদে আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।

