স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ জুলাই: বুথ চত্বরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল তৃণমূল প্রার্থীর। আহত উভয়পক্ষে আরো ১৫ জন।
জেলা প্রশাসনসূত্রে জানা গিয়েছে, মৃত ওই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম মহম্মদ শাহেনশা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের ১৯২ বুথে।
প্রশাসনসূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের বাসিন্দা মহম্মদ শাহেনশা তিনি এবারের পঞ্চায়েত নির্বাচন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। সকাল থেকে ওই এলাকায় ভোট ঠিক মতোই চলছিল। ভেবরা গ্রামের ১৯২ বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ শাহেনশা বুথে পৌছাতেই কংগ্রেস কর্মীদের সাথে গন্ডগোলে জড়িয়ে পড়েন। কংগ্রেস কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো আস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মহম্মদ শাহেনশা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।
তড়িঘড়ি প্রথমে তাকে চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মহম্মদ শাহেনশা অবস্থা অবনতি থাকায় তাকে কিষানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য কিষানগঞ্জ মেডিকেল কলেজে থেকে ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ফোনে জানিয়েছেন, “বুথ চত্বরে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মী মহঃ শাহেনশাকে কুপিয়ে খুন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় অভিযোগ জানানো হয়েছে।”

