আমাদের ভারত, ফলতা, ৩ এপ্রিল: তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এলাকায় টাকা ছড়ানোর অভিযোগ। ইতিমধ্যেই এই অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার নির্বাচন আধিকারিক অন্তরা আচার্য্যর কাছে লিখিতভাবে জানিয়েছে সিপিএম। ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শঙ্কর কুমার নস্করের বিরুদ্ধেই এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে সিপিএম। অভিযোগের সপক্ষে তারা প্রমাণ হিসেবে শঙ্করের টাকা বিলির ছবিও তুলে দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। এ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নির্বাচনী প্রচারের সময় এই তৃণমূল প্রার্থী এলাকার ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন। ফলতার সরারহাট এলাকায় ভোটের প্রচার করতে গিয়ে তিনি এভাবে টাকা বিলি করেন বলে কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। সিপিএম নেতা শমিক লাহিড়ী বলেন, “নির্বাচনী বিধি নিষেধ ভেঙে ভোটারদের প্রভাবিত করতে মোটা মোটা টাকার গোছা ভোটারদের মধ্যে বিলি করছেন তৃণমূল প্রার্থী। ঘটনার ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। আমরা এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। আশাকরি কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।” এবিষয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত তৃণমূল প্রার্থী শঙ্কর কুমার নস্করের।

