পুরুলিয়ায় রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানে প্রয়াত কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি

সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুন: পুরুলিয়ার তথ্য সংস্কৃতি দফতরে আয়োজিত রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানে প্রয়াত কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি জানানো হল।

পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী রবীন্দ্র বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ও নজরুল ইসলাম বিষয়ক আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয় আজ। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত শিশু কিশোর আকাদেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে আয়োজিত ওই অনুষ্ঠানে বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক্স শিল্পী প্রয়াত নারায়ণ দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। দুই দিন ধরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট প্রায় ৮৮ জন ছাত্র ছাত্রী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জানান, “প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সবাইকে শংসাপত্র দেওয়া হবে। একই সঙ্গে প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। সফল প্রতিযোগিরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন), পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান, পুরুলিয়া জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ, কুড়মি উন্নয়ন বোর্ডের সভাপতি সহ বিশিষ্টজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *