সাথী দাস, পুরুলিয়া, ১৯ জানুয়ারি: পথের কাঁটা সরাতে প্রেমিকার স্বামীকে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় প্রাণ গেল কোটশিলা থানার বড়তোলিয়া গ্রামের পূর্ণচাঁদ কুমার(২২) নামে বধূর স্বামীর। কালই গ্রেফতার হয়েছে মৃতের স্ত্রী পারুল কুমার, প্রেমিক সঞ্জয় কুমার ও সৌমেন্দ্র কুমার নামে আরও একজন।

জানা গিয়েছে, গত ১৫ জানুয়ারি পূর্ণচাঁদ ঘর থেকে বের হন। তারপর আর বাড়ি ফেরেননি। তিনদিন পর ১৮ জানুয়ারি গ্রামের কাছে গঠোরী নদীর সংলগ্ন জঙ্গল থেকে নিখোঁজের দেহ উদ্ধার করে পুলিশ। দেহের বিভিন্ন স্থানে ভোজালীর কোপ রয়েছে বলে জানা যায়। খুনের সন্দেহে তিনজনকে গ্রেফতার করে কোটশিলা থানার পুলিশ।

জানা যায় পূর্ণচাঁদের স্ত্রী পারুলের সাথে সঞ্জয়ের প্রেম ছিল বেশ কিছু দিন ধরে। এই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
আজ ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক সঞ্জয় কুমার ও সৌমেন্দ্র কুমারকে ৫ দিনের পুলিশ হেফাজত ও মৃতের স্ত্রী পারুল কুমারকে জেল হেফাজতের নির্দেশ দেন।


