অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ জানুয়ারি: ফের ঝাড়গ্রামের লালগড়ে অজানা জন্তুর পায়ের ছাপ। আতঙ্কে ভুগছেন গ্রামের আমজনতা। ২০২০ সালে রয়েল বেঙ্গল টাইগারের দেখা পাওয়ার পর এবং পরবর্তীকালে রয়েল বেঙ্গল টাইগারের হত্যার পর আপাতত ভাবে জঙ্গলমহলে বাঘের আতঙ্ক দূর হলেও অজানা জন্তুর পায়ের ছাপের দেখা পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। সেই পায়ের ছাপ পর্যবেক্ষণে নেমেছেন বনদপ্তরের আধিকারিকরা।

লালগড়ের লক্ষণপুরের জঙ্গল এবং কুমিরকাতা জঙ্গলে এই পায়ের ছাপ দেখা গিয়েছে। গতকাল প্রথমে এই পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা। তারপরে তারা খবর দেন বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা প্রথমে হায়না বা নেকড়ের পায়ের ছাপ মনে করেছিলেন। কিন্তু আজ আবার পায়ের ছাপ ঘিরে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে বনদপ্তরের কর্মীরা পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছেন।

এক গ্রামবাসী সুদীপ মাহাতো বলেন, দুদিন ধরে একটা অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পেয়ে কিছুটা আতঙ্কে আছি। এর আগে ২০১৮ সালে পাশের গ্রাম লক্ষ্মণপুরে এইভাবে অজানা জন্তুর পায়ের ছাপ রয়েল ব্যঙ্গল টাইগারের ছিল, আর এই পায়ের ছাপ কিছুটা সেই ধরনের।

