বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস, মহিলাদের প্রেমের জালে ফাঁসিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়, চোপড়ায় এক মহিলা সহ গ্রেফতার তিন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ মে: বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ। চক্রে জড়িত এক মহিলা সহ তিন জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে বেশ কিছু দিন ধরে একটি প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। এই প্রতারণা চক্রটি বিভিন্ন এলাকার মানুষকে টার্গেট করে মহিলাদের দিয়ে প্রথমে ফোনে কথা বলিয়ে প্রেমের জালে ফাঁসায়। পরে দেখা করার নাম করে নির্দিষ্ট কোনো একটি জায়গায় ডেকে নিয়ে আসত ঐ মহিলারা। এলাকায় পৌঁছাতেই চক্রের পান্ডারা তাদের ধরে ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা আদায় করতো বলে অভিযোগ। গত ২৫ মে চোপড়ায় যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল তাও এই চক্রের পান্ডারাই ঘটিয়েছে বলে থানায় অভিযোগ করেন মিঠুন মন্ডল নামে এক ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্তে নেমে প্রথমে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চোপড়া থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল চক্রান্তকারী মহঃ মান্নান এবং এক মহিলাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। শুক্রবার ধৃত চারজনকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠায় চোপড়া থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত তা তদন্ত করে দেখছে চোপড়া থানার পুলিশ। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে চোপড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রতারণায় কয়েক কোটি টাকা এখনো পর্যন্ত প্রতারণা করেছে বিভিন্ন লোকের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *