আমাদের ভারত, শিলিগুড়ি, ২১ জানুয়ারি: শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নং ওয়ার্ডের ভক্তিনগর এলাকার বাসিন্দা এক তরুণকে অপহরণ করে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করার ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে ২৪ নং ওয়ার্ড থেকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তৃণমূল নেতা সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।জানাগেছে, ধৃতরা হল রতন পাল, তপন দাস ও রাজা সিং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রতন পাল ও তপন দাস তৃণমূলের যুব সংগঠনের অত্যন্ত সক্রিয় কর্মী। তৃণমূলের ২৪ নং ওয়ার্ডের প্রার্থীর সাথে প্রচারের বেশ কিছু ছবিতে তাদের দেখা গেছে। এরপরই ঘটনা নিয়ে নিন্দার ঝড় ওঠে বিরোধী রাজনৈতিক মহলে।
ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, যে কোনো ধরনের দুর্নীতিমূলক কাজকর্মে জড়িত তৃণমূল। আমরা চাই এর উচ্চ পর্যায়ের তদন্ত হোক।
শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনা হঠাৎ করে হয়নি। এই ঘটনার ইতিহাসকে মূল্যায়ন করে তদন্ত করা দরকার।
তৃণমূলের জেলা যুব সভাপতি কুন্তল রায় বলেন, অভিযুক্তরা দলে যুব সংগঠনের কোনো পদে ছিল না। এমনকি ওয়ার্ড কমিটিতেও এদের কোনো স্থান ছিল না।
অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ বলেন, অভিযুক্তরা দলের কোনো কর্মী বা সদস্য ছিল না। আইন আইনের পথে চলবে ঘটনার তদন্ত হবে।

