গোপীবল্লভপুর থানা সর্ব্বজনীন দুর্গাপূজা কমিটির এ বছরের থিম করোনা হাসপাতাল

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ অক্টোবর: দেড় বছর ধরে করোনা কেড়েছে বিশ্ব তথা আমাদের দেশ ভারতবর্ষের বহু প্রাণ। হারিয়েছে মানুষের স্বাভাবিক জীবনের ছন্দ। আর এই সবই খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন গোপীবল্লভপুর থানা সর্বজনীন দুর্গোৎসব সমিতির প্রতিটি সদস্য। ওই পুজো কমিটির কয়েকজন সদস্য করোনা মহামারির প্রথম থেকেই এলাকার আক্রান্ত মানুষদের চিকিৎসা থেকে শুরু করে এলাকায় এলাকায় করোনা পরীক্ষা ক্যাম্প থেকে শুরু করে গোপীবল্লভপুরের একাধিক ব্যক্তি যখন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তখন এলাকার কেউ মৃতদেহ সৎকার করতে না এলেও মৃতদেহ সৎকারে এগিয়ে এসেছে গোপীবল্লভপুর থানা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। তাই করোনা সচেতনতা এবং করোনা নিরাময়ের জন্য হাসপাতাল এবং ভ্যাকসিনেশনের গুরুত্ব প্রচার করতে গোপীবল্লভপুর থানা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা এবছর তাদের পুজোর ৭৮ তম বর্ষের পুজো মন্ডপ গড়ে তুলেছেন একটি কোভিড হাসপাতালের থিমে।

মন্ডপের বাইরে থেকে দেখলে কারো বোঝার উপায় নেই এটা দুর্গা পূজা মন্ডপ বলে। আর হাসপাতালের ভিতরে ভ্যাকসিন হাতে করোনা রূপী অসুরকে বধ করছেন দেবী দুর্গা। পাশাপাশি কোভিড যোদ্ধা হিসাবে গণেশ রয়েছেন পুলিশের ভূমিকায়। লক্ষ্মী দেবী নার্সের ভুমিকায়, দেবী সরস্বতী সাংবাদিকের ভূমিকায় রয়েছে। মন্ডপে প্রবেশ করার পথে প্রতিটি দর্শনার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন পুজো কমিটির সদস্যরা। যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। মোটকথা গোপীবল্লভপুর থানা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মন্ডপ দেখে অভিভূত সাধারণ দর্শনার্থী থেকে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *