আমাদের ভারত, ১৩ অক্টোবর:আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া তিন রাজ্যে ক্ষমতা ও কাজের পরিধি বাড়ল সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের। এবার থেকে পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে ৫০ কিলোমিটার ভিতরে ঢুকে তল্লাশি চালাতে পারবেন তারা। প্রয়োজন মাফিক জিজ্ঞাসাবাদ, বাজেয়াপ্ত এমনকি গ্রেপ্তার করতে পারবে তারা। তবে তা শর্তসাপেক্ষে। সঙ্গে থাকবে রাজ্যের পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকায় পশ্চিমবঙ্গ, অসম, পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো হলো। বিএসএফের অফিসার এতদিন গ্রেপ্তার, বাজেয়াপ্ত বা তল্লাশি করতে পারতো তবে সেটা ছিল আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার ভিতরে পর্যন্ত। এবার তাদের অবস্থান থেকে ৫০ কিলোমিটার ভিতরে ঢুকে তারা এই কাজ করতে পারবেন।
কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চিরঞ্জিত সিং চান্নির কথায় কেন্দ্র সরাসরি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করেছে। তিনি অমিত শাহের কাছেই নির্দেশিকা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন।
কিন্তু বিএসএফের দাবি আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান সহ একাধিক অপরাধ দমনে অফিসারদের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের বিএসএফের ক্ষমতা বিভিন্ন রকম। যেমন গুজরাটে সীমান্ত থেকে ৭০ কিলোমিটার ভিতরে ঢুকে কাজ করতে পারতো বিএসএফ। পরে তা কমিয়ে ৫০ কিলোমিটার করা হয়। একই নিয়ম রয়েছে রাজস্থানের জন্য। আবার মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, লাদাখে যে কোনও এলাকায় তল্লাশি চালাতে পারে বিএসএফ।

