রাজেন রায়, কলকাতা, ১৯ আগস্ট: আচমকাই বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে দেখতে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। ত্রিপুরায় আহত হয়ে বেশ কয়েকজন তৃণমূল নেতা ভর্তি রয়েছেন হাসপাতালে। তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা। কিন্তু তিনি জানিয়ে দিলেন, এ বার থেকে প্রত্যেক ১৫ দিন অন্তরই এসএসকেএম হাসপাতালে দেখতে পাওয়া যাবে তাঁকে।
শিল্প এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে যে অসুবিধার দিকগুলি রয়েছে, দুই সমস্যার সমাধান সূত্র খতিয়ে দেখতেই নিয়মিত ব্যবধানে মুখ্যমন্ত্রী পিজি হাসপাতালে বসবেন বলে ঠিক করেছেন, নিজেই এদিন একথা জানান তিনি।
মমতা বলেন, “প্রত্যেক বৃহস্পতিবার বা ১৫ দিন অন্তর আমি এখানে বসব। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এখন শিল্প। আর শিল্পের ক্ষেত্রের যা যা সমস্যা রয়েছে। বিনিয়োগ এবং কর্মসংস্থানের ব্যাপারে কথা বলতে একটা বোর্ড গড়েছি। সবাই মিলে বসব। দ্বিতীয়ত, আমার মনে হয় হাসপাতালটাও আমার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। স্বাস্থ্য ভবনটা যেহেতু যেতে দূর হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১৫ দিন অন্তর ১০-১২ জনকে নিয়ে আমি এখানে এসে বসব।”
মুখ্যমন্ত্রী বলেন, “কারণ অনেক সময় অনেক হাসপাতালে সমস্যা থাকে। এখানে ৫ টা মেডিক্যাল কলেজ আছে। তা ছাড়াও স্বাস্থ্যের নানারকম ব্যাপার আছে। তাই স্বাস্থ্যসচিব আমার সঙ্গে থাকবে। কখনও মুখ্যসচিবকেও সঙ্গে নিয়ে আসব।” মুখ্যমন্ত্রী জানান, একটি হাসপাতালে বসে যাতে বাকি হাসপাতালগুলির উপর সঠিকভাবে নজরদারি চালানো যায়, সেই কারণেই এভাবে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরের বৃহস্পতিবারও তিনি এসএসকেএম যাবেন, ঘণ্টাখানেক সেখানে থাকবেন বলে জানিয়েছেন।

