সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ মে: প্রকাশ্যেই এক শিক্ষক পেটানো ও ডাকাতির ঘটনায় সাংসদ ঘনিষ্ঠ এক ছাত্র নেতাকে গ্রেফতারের পর বুধবার ভোরে বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আমজাদ মন্ডল’কে গ্রেফতার করলো পুলিশ। দাপুটে এই নেতার দাপটে বড়জোড়া এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেতো। তার এই গ্রেফতারের ঘটনায় বড়জোড়ার বিজেপি নেতা কর্মীরা তো বটেই সিপিএম, কংগ্রেস থেকে আপামর জনসাধারণ ভীষণ খুশি।
আমজাদ মন্ডলের নামে ২০২১ সালের নির্বাচনে মারধর, এলাকা দখল ও বুথ জ্যামের মত একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বড়জোড়া বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থেকে বিরোধী দলের কাউকে মনোনয়ন জমা দিতে দেয়নি বলে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হওয়ায় ঠিকাদারদের প্রতিটি কাজের টেন্ডারের সাথে সাথে বরাদ্দ টাকার একটি নির্দিষ্ট পার্সেন্টেজ আগেই দিয়ে দিতে হতো বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানিয়েছেন।
পুলিশ সুত্রে জানাগেছে, বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডলকে ‘অস্ত্র আইনে’ গ্রেফতার করা হয়েছে। এদিন ভোরে আমজাদ মণ্ডলের পখন্নার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিনই তাকে বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

