রাজেন রায়, কলকাতা, ১৫ সেপ্টেম্বর: আগামী ৩০ শে সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুরে। তার আগে জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী। আজ তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ বাড়াতে প্রচারে নেমে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোড এর গুরুদ্বারে গিয়েছিলেন। সেখানে সকলের সঙ্গে তিনি কথা বলেন। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। গুরুদ্বার কমিটির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুল এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সঙ্গে পাঞ্জাবের বহু পুরনো সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন গান পাঞ্জাব দিয়ে শুরু বাংলা দিয়ে শেষ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেকের স্ত্রী রুজিরাও গুরুদ্বারে যান। তিনি বলেন, গুরুদ্বারে গেলে তাঁর মন শান্ত হয়ে যায়। পাঞ্জাব না থাকলে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার সাহস হতো না, আমাদের সম্পর্ক স্বাধীনতার পর থেকেই। দেশের জন্য যাঁরা ত্যাগ স্বীকার করেছেন তাদের অধিকাংশই পাঞ্জাবি এবং বাঙালি। তার স্বর্ণ মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকে তিনি পাঞ্জাবের কৃষকদের আন্দোলনের প্রতি নিজের সমর্থনের কথা ফের জানিয়ে দেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৭৭ নম্বর ওয়ার্ডের ষোলআনা মসজিদে হাজির হতে দেখা গিয়েছিল। আজ তাঁকে গুরুদ্বারে দেখা গেল। আজ গুরুদ্বারে গিয়ে মহিলাদের সাথে ছবিও তোলেন হাসি খুশি মেজাজে। উপনির্বাচন হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রচারে কোনোরকম খামতি রাখতে চাইছেন না। কোভিড বিধি মেনে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

