রাজেন রায়, কলকাতা, ২৩ জুন: ফেক এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছে পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার’কে। বিভিন্ন মহল থেকে এমনই প্রশ্ন উঠছিল বার বার। এবার ভুল্লারের ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণ দিল পুলিশ। মৃতদেহ রেখে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছিল নিউটাউন এনকাউন্টারে মৃত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারের। বুধবার সেই রিপোর্ট এসেছে পুলিশের হাতে। আর তাতে কোনও ফেক এনকাউন্টারের প্রমাণ মেলেনি। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, ভুল্লারের শরীরে পুলিশের আঘাতের কোনও চিহ্ন নেই।
ছেলে জয়পালকে পুলিশ গুলি করে মেরেছে বলে পাঞ্জাবের আদালতে পুনরায় ময়নাতদন্তের আর্জি জানিয়েছিলেন তাঁর বাবা। কলকাতায় এনকাউন্টারে মৃত জয়পালের মৃতদেহের শেষকৃত্য করা হয়নি। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য রেখে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে তার ফের ময়নাতদন্তও হয়। কিন্তু তাতে ফেক এনকাউন্টারের যুক্তি খারিজ হল।
আগের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছিল,
ভুল্লার ও যশপ্রীতের শরীরে গুলির চিহ্ন আছে। এ ছাড়া দুষ্কৃতীদের হাতে গান পাউডারের নমুনা থেকে তাদের গুলি চালানোর প্রমাণও স্পষ্ট। কিন্তু ভুল্লারের পরিবারের দাবি, ছেলের দেহে অত্যাচারের ক্ষতচিহ্ন রয়েছে। হাতও ভাঙ্গা রয়েছে বলে অভিযোগ করেন জয়পালের বাবা। ভুল্লারের পাঁজরের হাড় ভেঙ্গে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই গ্যাংস্টারের পরিবারের দাবি, এনকাউন্টারের ঘটনাও সাজানো হয়েছিল। যা খারিজ হয়ে গেল।

