স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ ফেব্রুয়ারি: স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক এবং ভূগোল শিক্ষকের মধ্যে ব্যাপক মারামারি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে।

জানাগেছে, ওই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। স্কুলের অন্যান্য শিক্ষকরা তার প্রতিবাদ করতে গেলেই তাদের বিভিন্ন ভাবে প্রধান শিক্ষকের তরফ থেকে হুমকি দেওয়া হতো। তাদের কাগজপত্র আটকে রাখা হতো। শুধু তাই নয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খুললে বদলি করে দেওয়ারও হুমকি দেওয়া হত বলে অভিযোগ। বুধবার ওই স্কুলের ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার তার কিছু প্রয়োজনীয় কাগজ দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের কাছে চেয়েও কিছুতেই পাচ্ছিলেন না। এদিন তার প্রতিবাদ করে পোস্টার নিয়ে কার্যত প্রধান শিক্ষকের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসে পড়ে ওই শিক্ষক। অভিযোগ, সেই সময় প্রধান শিক্ষক ওই প্রতিবাদী শিক্ষক নিমাই বিশ্বাসের ওপর চড়াও হয়। ওই দুই শিক্ষকের মধ্যে ব্যাপক হাতাহাতি চলতে থাকে।

ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার বলেন, দীর্ঘদিন ধরেই এই প্রধান শিক্ষক বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। এর আগেও নানা রকম অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদ করলেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। তিনি প্রশ্ন তুলছেন এত অভিযোগ থাকার পরেও কিভাবে ওই প্রধান শিক্ষক ওই স্কুলে থাকতে পারে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্কুলের প্রধান শিক্ষক মনরঞ্জন বিশ্বাস।

