পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ এপ্রিল: জেলা নেতারা প্রায় সকলেই ছিলেন মঞ্চে, কিন্তু দেখা মিললো না কর্মীদের। আর তাই বাধ্য হয়ে একপ্রকার ফাঁকা মাঠেই নির্বাচনী প্রচার সারলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সংযুক্ত মোর্চার প্রার্থীর হয়ে কুমারগঞ্জে প্রচারে আসেন অধীর রঞ্জন চৌধুরী। যেখানে কুমারগঞ্জের প্রার্থী নার্গিস বানু চৌধুরীর হয়ে ভোট প্রচার করেন তিনি। কেন্দ্র ও রাজ্যের দিদি-মোদীর হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সংযুক্ত মোর্চার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানান এই কংগ্রেস নেতা। তবে এদিনের নির্বাচনী সভায় তেমন কোনও লোকের উপস্থিতি না মেলায় কিছুটা হতাশ হয়েছেন প্রদেশ কংগ্রেসের এই নেতা। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে একপ্রকার কর্মী বিহীন সভা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে জেলা নেতাদের ভূমিকা।
এদিন সকাল ১১টা২০ নাগাদ হেলিকপ্টারে করে কুমারগঞ্জের চাদগঞ্জ হাইস্কুল মাঠে পৌছান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাফানগর গ্রাম পঞ্চায়েতের ওই হাইস্কুল মাঠে সভা থাকলেও এদিন মূলত লোকজন শূন্যই ছিল এলাকা। যে সামান্য কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন প্রখর রোদে তারাও মঞ্চের আশপাশ থেকে সরে গিয়ে আশ্রয় নিয়েছেন গাছের ছায়ায়। আর যার কারণে একপ্রকার ফাঁকা মাঠেই এদিন বক্তব্য রাখতে হয় অধীর চৌধুরীকে। নার্গিস বানু চৌধুরীর হয়ে ভোট প্রচারে আসা ওই সভা মঞ্চে এদিন অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস, আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী, জেলা কংগ্রেস নেতা অঞ্জন চৌধুরী সহ সংযুক্ত মোর্চার প্রায় সকল নেতৃত্বরাই। এদিন সভার শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য ও কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমন করেছেন অধীর চৌধুরী। রাজ্যের কাটমানি ইস্যু, বেকারদের কর্মসংস্থান, একজন করে পুলিশের বেতন দিয়ে চার জন সিভিক নিয়োগ সহ সরকারি সুবিধা থেকে কৃষকদের বঞ্চিত করার মতো একাধিক বিষয় নিয়ে মোদী ও দিদিকে তোপ দাগেন তিনি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শীতলকুচি কান্ডে খুব তাড়াতাড়ি সিবিআইয়ের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তারা। কেন্দ্র ও রাজ্যের দোষেই অতগুলো প্রাণ চলে গিয়েছে। একই সাথে এদিন গান্ধী মূর্তির পাদদেশে মমতার ধর্না নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ভোট বাড়ানোর জন্য এসব নাটক করছেন আমাদের মুখ্যমন্ত্রী। ওসব না করে যারা শীতলকুচি কান্ড নিয়ে গর্ব করছে তাদের জেলে পোড়া উচিত বলেও জানিয়েছেন তিনি।
একইসাথে অধীর চৌধুরী জানিয়েছেন, সাধারণ মানুষের উন্নয়ন করতে হলে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করতে হবে।

