হাওড়ার শ্যামপুরে অভিনব কায়দায় সোনার চেন চুরি

আমাদের ভারত, হাওড়া ১৫ জুন: অভিনব কায়দায় সোনার দোকানের মালিককে বোকা বানিয়ে ৮টি সোনার হার হাতিয়ে চম্পট দিল ৩ দুষ্কৃতী। শ্যামপুর থানার সীতাপুরের দেওয়ানতলা হাটের ঘটনা। শ্যামপুর থানার পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার সকাল ৯ টা। দেওয়ানতলা হাটে স্বাগতা জুয়েলার্সের সামনে এসে দাঁড়ালো একটি বাইক। বাইকে বসা ৩ যুবকের মধ্যে এক যুবক দোকানের বাইরে দাঁড়িয়ে থাকলেও দুই যুবক দোকানের ভেতরে ঢোকে। এরপর ১৭০০ টাকার বিনিময়ে একটি রুপোর মাদুলি ও সোনার এস কেনে। এরপর ওই দুই যুবক সোনার চেন দেখতে চায়। দোকানের মালিক বাক্স থেকে সোনার চেন বের করে যুবকদের দেখালে তারা বলে তাদের বৌদি সোনার চেন কিনতে দোকানে আসবে। কিন্তু বাক্স থেকে চেন বার করলে তার পছন্দ হবে না। সেই কারণে একটা প্যাকেটের মধ্যে যদি চেনগুলো ভরে তারপর বৌদিকে দেখানো হয় তাহলে তার পছন্দ হবে এবং সেগুলো কিনবে।

দোকানের মালিকের বক্তব্য যুবকেরা তাকে সোনার চেনের জন্য ২৫০০ টাকা বায়না দেয় এবং বলে আধঘণ্টার মধ্যে তারা এসে চেন পছন্দ করে নিয়ে যাবে। দোকানের মালিকের বক্তব্য যুবকদের দেওয়া টাকা ক্যাশ বাক্সে রাখার ফাঁকে দুই যুবক প্যাকেট সমেত সোনার চেন নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। এদিকে সোনার দোকানের সামনে থেকে তিন যুবক দ্রুতগতিতে বাইক চালিয়ে চলে যাওয়ায় আশেপাশের দোকানদারদের সন্দেহ হয়। তারা সোনার দোকানে এসে বিষয়টি বললে চুরির বিষয়টি জানাজানি হয়। এরপর দোকানের মালিক পুলিশে খবর দিলে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *