জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল: শনিবার রাতে রাজ্য সড়কের ধারে জনবহুল এলাকায় একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চন্দ্রকোনা থানার ক্ষীরপাই এলাকার হালদারদিঘির চুরির ঘটনাটি ধরা পড়েছে পাশের দোকানে থাকা সিসি ক্যামেরায়।
জানা যায়, প্রথমে দোকানে মাল কিনতে আসে এক ব্যক্তি। তার পর আসে আরো ৩ ব্যক্তি। একদিকে একজন মালের দরদাম করতে থাকে। অন্যরা পাশাপাশি দোকানে অপেক্ষা করছিল, ক্রেতা মালটি নিয়ে দোকানদারকে কম টাকা দিয়েই দ্রুত বেরিয়ে যান। দোকানদার টাকা কম দিয়েছে বলে তার পিছু পিছু যায়। এদিকে অপেক্ষারত অন্য দলটি দোকনে ঢুকে দোকানের ড্রয়ারে রাখা সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়। দোকানের মালিক ফিরে এসে দেখেন ড্রয়ার ফাঁকা। সমস্ত ঘটনাটি পাশের মোবাইল দোকানে থাকা সিসি ক্যামেরায় ফুটে ওঠে।

ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ জানিয়েছেন দোকান মালিক শুভ্রা বক্সী। পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনার পর এলাকার দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন।

