কুমারেশ রায় পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর:
ঘাটাল পুরএলাকায় সন্ধে বেলায় শিক্ষকের বাড়িতে চুরি। তালা ভেঙ্গে মেয়ের অন্নপ্রাশনের টাকা, গয়না চুরি। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
গতকাল বুধবার সন্ধ্যাবেলায় চুরির ঘটনা ঘটলো ঘাটাল পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর স্কুল মাঠ সংলগ্ন হিমাংশু মন্ডলের বড়িতে। সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে বলে পেশায় শিক্ষক স্নেহাশীষ মণ্ডল জানান। বাড়িতে তিনি, তাঁর স্ত্রী এবং মেয়ে থাকেন। গতকাল সন্ধেবেলায় ঘরে চাবি দিয়ে বাইরে যান। রাতে ফিরে এসে দেখেন দরজার তালা ভেঙ্গে ঘরে ঢোকে। এরপর আলমারির চাবি ভেঙ্গে নগদ টাকা, গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্নেহাশিসবাবু জানান, কিছুদিন পরেই তাঁর মেয়ের অন্নপ্রাশন, সেই জন্য কিছু টাকা ব্যাংক থেকে তুলে রেখেছিলেন। সব নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। পুলিশ এসে দেখে গেছে।
ভর সন্ধ্যেবেলায় এভাবেই চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনুপ চক্রবর্তী জানান, প্রশাসনকে আমরা জানাবো এরকম ঘটনা আর যাতে না ঘটে এবং যথাযথ তদন্ত হয়।

