পশ্চিম মেদিনীপুর, আমাদের ভারত, ১২ এপ্রিল: গ্রামের মধ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে চোলাই মদের কারবার। যার জেরে ঘরে ঘরে বেড়ে চলেছে চরম অশান্তি।চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে মহিলাদের। অগত্যা চোলাই বন্ধে একজোট হয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ গ্রামের মহিলারা।

চোলাই মদ খেয়ে দিনরাত অশান্তি লেগেই থাকে গৃহস্থের বাড়িতে, মদ্যপ স্বামীদের অত্যাচার সহ্য করতে না পেরে চোলাই মদের বিরুদ্ধে গ্রামের মহিলারা একত্রিত হয়ে একাধিকবার অভিযান চালালেও বন্ধ করতে পারেনি চোলাই মদের কারবার। অবশেষে চোলাই মদ বন্ধের দাবিতে প্রখর রোদকে মাথায় নিয়ে পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হন গ্রামের একাধিক মহিলা।এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের হিজলি গ্রামের। এদিন দুপুর নাগাদ হিজলি গ্রামের ৭০-৮০ জন মহিলা নিরুপায় হয়ে প্রখর রোদকে উপেক্ষা করে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুলিশ ফাঁড়ি ও চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিলেন অবিলম্বে গ্রামে চোলাই মদ বন্ধ করার দাবিতে।
গ্রামের মহিলাদের দাবি, প্রায় এক বছর ধরে গ্রামের বেশ কিছু বাড়ির মধ্যে মদ এনে বিক্রি করা হচ্ছে। এর ফলে অল্প বয়সী ছেলে থেকে শুরু করে বাড়ির কর্তারা প্রতিনিয়ত চোলাই মদ খেয়ে সংসারে অশান্তি করছে। অতিষ্ঠ হয়ে অবশেষে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে।এখন দেখার গ্রামে চোলাই বন্ধে প্রশাসন কি ভূমিকা নেয়।

