রাজেন রায়, কলকাতা, ৯ এপ্রিল: প্রত্যেক দফার ভোটেই উঠে আসছে নির্বাচন কমিশনের তরফে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এবার কমিশন জানাল, বিধানসভার চতুর্থ দফার ভোটে অন্যতম নির্ণায়ক ভূমিকা নেবেন মহিলারা।
শনিবার যে আসনগুলিতে ভোট হতে চলেছে সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারের ৪৪ আসনে। তারমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ১১টি আসন রয়েছে। বিশেষ করে ওই কেন্দ্রগুলিতেই মহিলা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। এই ১১টি কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৭০ হাজার ৩৯২, পুরুষ ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ১৬১।
দক্ষিণ ২৪ পরগনার ১১টি আসনের মধ্যে বিশেষ করে ৬টি বিধানসভা কেন্দ্র সোনারপুর উত্তর, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা উত্তর ও বেহালা দক্ষিণে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। মহিলা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি যাদবপুরে। এই বিধানসভা কেন্দ্রে মোট মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ২৩৯। অন্যদিকে যাদবপুরে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৪২০। এরপরেই রয়েছে বেহালা পশ্চিম, এই কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৫০২, ১ লক্ষ ৫২ হাজার ৩৫৫ জন পুরুষ ভোটার রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে টালিগঞ্জ। এই বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৯৯৫ জন। টালিগঞ্জে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৩৫৫।
বেহালা পূর্বেও মহিলা ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। সেখানে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার ৬২৯ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ২১৮। সোনারপুর দক্ষিণে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ১৭০ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬২। সোনারপুর উত্তরে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৪৩২ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৪৩০।
সাধারণত রাজ্যে মহিলা ভোটার তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বরাবর বেশি থাকত। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় মহিলা ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ৪৯.০১ শতাংশ ভোটার মহিলা এই রাজ্যে। যার ফলে পশ্চিমবঙ্গ মহিলা ভোটারের সংখ্যার নিরিখে বর্তমানে চতুর্থ স্থানে উঠে এসেছে। সর্বাধিক ৫১.৪০ শতাংশ মহিলা ভোটার রয়েছে কেরলে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে মহিলা ভোটার রয়েছে যথাক্রমে ৫০.৫০ ও ৫০.৪০ শতাংশ। কাজেই শুধু ঘর সামলাতে নয়, দেশ গড়তেও যে মহিলাদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

