স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ নভেম্বর: গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও দু’জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের নতুন বাজার এলাকার।

জানাগেছে, রবিবার সকাল ১১ টা নাগাদ শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে মদন হালদারের গোটা বাড়ি কোনও কারণে শর্ট-সার্কিট হয়ে যায়। এরপর বিদ্যুৎ স্পৃষ্ট হয় মদন হালদার সহ বেশ কয়েকজন। তড়িঘড়ি তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মদন হালদারকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। এছাড়াও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

তবে কি কারণে গোটা বাড়ি শর্ট-সার্কিট হয়ে গেল তা এখনও পর্যন্ত পরিষ্কার ভাবে জানা যায়নি। যদিও বিদ্যুৎ অফিসের কর্মীরা শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখছে। তবে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

