পুরভোটেও প্রচারের ময়দানে থাকবেন খোদ তৃণমূল সুপ্রিমো

রাজেন রায়, কলকাতা, ৪ ডিসেম্বর: সাম্প্রতিক নির্বাচনগুলিতে তৃণমূলের যা ফলাফল তাতে নতুন করে কোনও উদ্বেগ থাকার কথা নয় ঘাসফুল শিবিরের। তবে পুরভোটেও যাতে সেই ট্রেন্ড বজায় থাকে তার জন্য সব রকমের চেষ্টা করছে দলীয় নেতৃত্ব। ১৪৪টি ওয়ার্ডের প্রার্থী বাছাই হওয়ার পর প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তবে পুরভোট বলে মোটেই কম গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাই পুরভোটের প্রচারেও ময়দানে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে পরপর দুটি সভা করবেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ পুরভোটের প্রচারে শেষ দিনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই পরপর দুটি সভা রয়েছে তাঁর। প্রথম সভাটি করবেন বাঘাযতীন যুব সংঘের মাঠে। যাদবপুর ও বাঘাযতীন সংলগ্ন এলাকার ওয়ার্ডগুলির জন্য প্রচার করবেন তিনি। দ্বিতীয় সভাটি রয়েছে বেহালায়। বেহালা সংলগ্ন এলাকায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিকে শনিবারই পুরভোটের স্ট্র্যাটেজি তৈরি করতে বৈঠকে বসেছিল তৃণমূল। ১৪৪ জন প্রার্থীকে নিয়ে বৈঠকে বসে দলীয় নেতৃত্ব। বৈঠকে প্রার্থীরা ছাড়াও ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা। পুরভোটের কর্মসূচিতে যেন কোনও ফাঁক না থাকে, সেদিকে নজর দেন নেতারা। বেশ কিছু জায়গায় প্রার্থী নিয়ে সমস্যা হয়েছে, কোথাও কোথাও গোষ্ঠীদ্বন্দ্বের খবরও সামনে এসেছে। সেইদিক গুলোতেই নজর দিয়েছে ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *