বিজেপি-র অবস্থা বিশ্লেষণে দু’দিনের চিন্তন বৈঠকের প্রস্তাব তথাগত রায়ের

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ১১ নভেম্বর : বিজেপি-র বর্তমান অবস্থা নিয়ে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের মন্তব্য থামার লক্ষণ নেই। তবে, এবার তিনি গঠনমূলক সমালোচনা শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি দলের অবস্থা বিশ্লেষণে দু’দিনের চিন্তন বৈঠকের প্রস্তাব করেছেন।

টুইটে তিনি লিখেছেন, “তৃণমূলের এক অগ্রগণ্য ল্যাম্পপোস্ট বলেছেন, “এ রাজ্যে বিজেপি কোনো প্রতিপক্ষই নয়।” কেন এমন অবস্থা হল তা নিয়ে বিশ্লেষণ করা। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি দু’দিনের চিন্তন বৈঠক দরকার। এটি বিজেপির পরম্পরারই অন্তর্গত। গতানুগতিক মিটিং-মিছিল-বনধ করলে হবে না।“

প্রসঙ্গত, মঙ্গলবার তিনি টুইটে লিখেছেন, “বিজেপির ভিতরে বাদানুবাদ নির্বাচন-বিপর্যয়ের পরবর্তী মন্থনের অঙ্গ এবং তা সাময়িক ব্যাপার। তা থেকে কেউ যদি ভাবেন বিজেপি উঠে যাবে তবে তা দিবাস্বপ্ন। মতাদর্শের উপর প্রতিষ্ঠিত পার্টি টিকে থাকে যতদিন সেই মতাদর্শের প্রাসঙ্গিকতা থাকে। এক-নেতাকে ঘিরে আবর্তিত পার্টি সেই নেতার অবর্তমানে উঠে যায়। তবে আসল প্রশ্ন, উঠে যাবার আগে তৃণমূল পশ্চিমবাংলার ও বাঙালি হিন্দুর কতটা ক্ষতি করতে পারবে ? এবং সেই ক্ষতি পূরণীয় না অপূরণীয়?“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *