কৃষ্ণনগরের মৃৎশিল্পীর তৈরী বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি এবার পাড়ি দেবে বাংলাদেশে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ জুন:
কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের আবারও সাফল্য। এবার কৃষ্ণনগরের মৃৎশিল্পীর হাতে বানানো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দেবে সুদূর বাংলাদেশ। নদিয়ার কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল। এর আগেও একাধিক মূর্তি তৈরি করে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান। এছাড়া বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন। সূত্রের খবর, ৩ মাস আগে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সুবীর পালের কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির অর্ডার আসে। সেইমতো তিনি কাজ শুরু করেন। তিন মাস পর মূর্তি শেষ হওয়ার পর সেই মূর্তিটিকে দেখতে আসেন বাংলাদেশের হাইকমিশনের কলকাতার প্রতিনিধিরা।

মৃৎশিল্পী সুবীর পাল জানান, হাই কমিশনের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে। তারা মূর্তিটি দেখে সম্মতি দিলে এই মূর্তিটি ব্রোঞ্জ ধাতুর তৈরি হবে। তারপরে বাংলাদেশে পাঠানো হবে এই মূর্তিটি। এর পাশাপাশি তিনি বলেন, এটি শুধুমাত্র কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের সুনাম নয় এর ফলে দুই বাংলার মিলন আরও দৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *