অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৯ মে: এসএসসি মামলায় দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু করার উদ্যোগ নেওয়া উচিত। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন সিপিআইয়ের জাতীয় পরিষদ সদস্য এবং সারা ভারত ছাত্র ফেডারেশনের (এআইএসএফ) সর্বভারতীয় সভাপতি শুভম ব্যানার্জি।
এই প্রতিবেদককে তিনি জানান, “এই রাজ্য সরকার সামগ্রিক ভাবে দুর্নীতিতে আচ্ছন্ন। এসএসসি দুর্নীতি তারই একটা অংশ। যে নেতা মন্ত্রীদের জন্য রাজ্যের প্রায় ৩ লক্ষ যুবক যুবতী যোগ্যতা থাকা সত্ত্বেও এখনও বেকার হয়ে বসে রয়েছে, এতোগুলো পরিবারের ভবিষ্যত নিয়ে, জীবন নিয়ে ছিনিমিনি খেললো যারা, তাঁরা শাস্তি না পেলে আইন ব্যবস্থার ওপর থেকেই মানুষের বিশ্বাস চলে যাবে।
আশা করবো এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা দ্রুত শাস্তি পাবে। যে মোদী-দিদি আঁতাতের অভিযোগ আগে বহুবার উঠেছে, সেই রকম কোনও উচ্চস্তরীও বোঝাপড়ার মধ্যে দিয়ে এরা আর ছাড় পাবে না।”

