স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ মার্চ: মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ৬০ বছরের বৃদ্ধ ধর্ষণ করার প্রতিবাদে উত্তাল নদিয়ার বগুলা। ১৪ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে নদিয়ার হাঁসখালি থানার সাহাপুর পূর্বপাড়া গ্রামে। যদিও ধর্ষণের অভিযোগ দায়ের করার পরেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি।

সুকুমার বিশ্বাস নামে ওই অভিযুক্তের বাড়ি সাহাপুর পূর্ব পাড়া গ্রামের। সেই গ্রামেরই বাসিন্দা ১৪ বছরের মানসিক প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরীর বাড়ি। অভিযোগ, গত ১ মার্চ রাত দশটা নাগাদ সুকুমার বিশ্বাস খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে পাশের বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যদিও ওই কিশোরী বাড়িতে ফিরে সব ঘটনা জানায় তার বাড়ির লোকজনকে। বেগতিক বুঝে ওই রাতেই ৬০ বছর বয়সী সুকুমার বিশ্বাস বাড়ি থেকে পালিয়ে যায়। পরদিন কিশোরীর বাড়ির লোকজন হাঁসখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিশোরীর মেডিকেল চেকআপ করা হয়। যদিও ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ অভিযুক্ত সুকুমার বিশ্বাসকে গ্রেপ্তার করতে পারেনি। তারই প্রতিবাদে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী সংস্থার পক্ষ থেকে দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে বগুলা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখানো হয়।

উপস্থিত ছিলেন বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং মহিলা সংগঠনের নেতৃবৃন্দও, তাদের হুঁশিয়ারি কিসের জন্য পুলিশ ধর্ষককে আড়াল করতে চাইছে তা পরিষ্কার জানাবো, আগামী দিন। গোটা জেলাজুড়ে প্রতিবাদ পালিত হবে, তখনই উঠে আসবে সত্য।

