সাথী দাস, পুরুলিয়া, ১৬ জানুয়ারি: নাছোড়বান্দাদের বাগে আনতে সব চেষ্টা চালাচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। কোভিডকালে মাইকে প্রচার, মাস্ক বিতরণ, জনসচেতনতার সব প্রচেষ্টাই চালিয়েছে পুলিশ। রাস্তায় টহল শুধু নয়, মুখে মাস্ক না থাকলেই আইনানুগ ব্যবস্থা নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে আইনরক্ষকরা। এবার পুরুলিয়ায় বড় কেজ ভ্যান নিয়ে কোভিড বিধি অমান্যকারীদের রাস্তা থেকে তুলছে পুলিশ। রবিবার পুরুলিয়া শহরে এমনই দৃশ্য দেখা গিয়েছে।

রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আসার পর সংক্রমিতর হার বেড়ে চলায় রাজ্য সরকার বেশ কিছু বিধিনিষেধ জারি করার পরও বেশ কিছু মানুষ সেই নির্দেশ মানছেন না। বার বার প্রচার করা সত্ত্বেও মুখে মাস্ক ছাড়া বেশ কিছু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছেন। সেই বেপরোয়া মানুষকে বাগে আনতে রাস্তায় নামলো পুরুলিয়ার পুলিশ। আজ সকালে পুরুলিয়ার সদর থানার পুলিশ শহরের বিভিন্ন রাস্তায় বেশ কিছু মানুষ যারা মাস্ক ঠিক মতো না লাগিয়ে বাজারে বেরিয়েছিলেন তাদের পুলিশ আটক করে। মোট ২৩ জনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ কিছু মানুষের কাছে মাস্ক থাকলেও তারা তা ঠিকমতো লাগাচ্ছে না। মাস্ক বেশির ভাগ মানুষের থুতনির নিচে থাকছে। ফলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। কেউ কেউ মাফলারকে মাস্কের মতো করে ব্যবহার করেছেন। সেই সব আইনভঙ্গকারী মানুষকে আটক করে বড় কেজ ভ্যানে নিয়ে যাওয়া হয়। পুরুলিয়া শহরের মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে তাদেরকে রাখা হয়।

রাস্তার বিভিন্ন মোড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক লাগিয়ে লাগাতার প্রচার করলেও বেশ কিছু মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

