আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ জুলাই: প্রতিদিন জলপাইগুড়ি শহরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার শহরে নতুন করে সাতজন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি জেলা স্বাস্থ্য দফতরের। উদ্বেগ প্রকাশ করল জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। সংক্রমের সংখ্যা যেভাবে বাড়ছে শহরবাসীকে সচেতন করতে মাইকিং করে প্রচার করার উদ্যোগ গ্রহণ করল পুরসভা। আক্রান্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে।

পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন,
“পুরসভার বিভিন্ন ওয়ার্ডে মোট ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি সত্যিই উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। আরটিপিসিআর না করে অনেকেই বাড়িতে কিটের মাধ্যমে টেস্ট করছেন এবং চিকিৎসকের পরামর্শে বাড়িতে থাকছেন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে। সৈকতবাবু আরও বলেন, “করোনা আক্রান্তের ফলে একেবারে মৃত্যু যে হচ্ছে না তা নয়, রায়গঞ্জ কলকাতার মতো জায়গাতেও করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে। প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

