দশম শ্রণির ছাত্রীর বিয়ে বন্ধ করে দিল নবদ্বীপ ব্লক প্রশাসন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জানুয়ারি: পুলিশ প্রশাসনের সহযোগিতায় দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রীর বিয়ে রুখে দিলো নবদ্বীপ ব্লক প্রশাসন।

জানা যায়, রবিবার রাতে নদিয়ার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতের সুভাষ নগর গ্রামে কলেজ পড়ুয়া এক নাবালকের সাথে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিল নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর দেবরাজপুর এলাকার বাসিন্দা দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রী। দীর্ঘদিন উভয়ের মধ্যে প্রণন চলার পর এই দিন রাতে উভয় পক্ষের পরিবারের সম্মতিতে সুভাষ নগর গ্রামে বিবাহ অনুষ্ঠান হওয়ার প্রস্তুতি চলছিল ওই দুই প্রেমিক নাবালক নাবালিকার।

ঘটনাটি জানতে পেরে রাতেই তড়িঘড়ি সুভাষ নগরে পৌঁছায় নবদ্বীপ ব্লক আধিকারিক ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকরা। প্রথমদিকে বিয়ের বিষয়টি অস্বীকার করলেও উপস্থিত ব্লক ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে পরবর্তী সময়ে ওই দুই পড়ুয়ার বিয়ের অনুষ্ঠানের বিষয়টি কার্যত স্বীকার করে নেয় উভয় পরিবারের সদস্যরা।

পাত্র পাত্রীর প্রকৃত বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না বলে তাদের অভিভাবকদের দিয়ে লিখিত আকারে মুচলেকা নিয়ে বিবাহ অনুষ্ঠানটি বন্ধ করে দেয় প্রশাসনিক আধিকারিকরা। সেখানে উপস্থিত বাবলারি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ ও সরকারি আধিকারিকদের হস্তক্ষেপে ও সরকারি নিয়ম অনুযায়ী ওই দুই নাবালক নাবালিকার বিবাহের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না বলেও সম্পূর্ণ বিষয়টি মেনে নেন উভয় পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *