আমাদের ভারত, ২৪ মার্চ: ট্রেনের কামরায় শহীদ প্রীতিলতার ছবির পাশে শহীদ কনকলতার নাম ও পরিচয় দেওয়ায় রেলমন্ত্রীকে প্রতিবাদ জানাল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সম্মেলন।
বৃহস্পতিবার সংগঠনের সম্পাদক কল্পনা দত্ত লিখেছেন, “আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে অসম জনশতাব্দী এক্সপ্রেসের কামরার ভিতর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ছবি লাগানো হয়েছে। কিন্তু ছবির পাশে নাম ও পরিচয় লেখা হয়েছে অসমের বৃটিশ বিরোধী আন্দোলনের আর একজন বিখ্যাত শহীদ কনকলতা বড়ুয়ার।
শহীদ প্রীতিলতার পরিচয়ের জায়গায় শহীদ কনকলতার নাম লেখাটা ক্ষমার অযোগ্য অপরাধ বলে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন মনে করে। এই সংগঠন অত্যন্ত শ্রদ্ধার সাথে এই মহান বিপ্লবীদের জীবন চর্চা ও অনুসরণ করে। তাই আমরা অত্যন্ত মর্মাহত।
মহিলা সাংস্কৃতিক সংগঠন মনে করে কেন্দ্রীয় সরকারের কর্তারা নতুন করে ভারতবর্ষে ইতিহাস লিখতে চাইছেন কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দলনের ইতিহাস তারা জানেন না। কারণ যে রাজনৈতিক দল এই সরকার পরিচালনা করে তারা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছেন এবং বৃটিশের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন। তাই তাদের হাতে এ ধরনের অরাধমূলক ভ্রান্তি হওয়াই স্বাভাবিক।
আমরা মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এই ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা করছি এবং রেল কামরায় বিপ্লবীদের সঠিক ছবি সঠিক পরিচয়ে লাগানোর দাবী জানাচ্ছি।“

