সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ নভেম্বর: আট বছরের এক বালকের মৃত্যু ঘিরে রহস্য। পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার লক্ষ্মীপুর মাঠ পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই বালকের নাম সৌরভ হালাদার (৮)।
পুলিশ ও পরিবার সূত্রের খবর, সৌরভের বাবা দিনমজুর, মা পরিচালিকার কাজ করেন। মা বাবা দুজনেই সকালে কাজে বেরিয়ে যান। এদিন সকালে টিউশান পড়ে খাওয়া দাওয়া করে বাড়িতে একাই ছিল সৌরভ। দুপুরে তার বাবা বাড়ি ফিরে দেখেন ঘরের চালায় বাঁশের সঙ্গে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলছে সৌরভ। তড়িঘড়ি তাকে নামিয়ে মছলন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া। চিকিৎসকদের পরামর্শে ফের হাবরা হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই তার মৃত্যু হয়।

মৃতের বাবার অভিযোগ, যে জায়গায় তার দেহ ঝুলছিল সেখানে কখনোই হাত পাবে না। নিচেও কোনো চেয়ার বা টেবিল ছিল না। মৃত সৌরভ হালদারের বাবার দাবি, বেশ কয়েকদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল, তার জেরে হয়তো ছেলেকে খুন করে কেউ ঝুলিয়ে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোবরডাঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে খুন না আত্মহত্যা তা ময়না তদন্তের পর বোঝা যাবে।

