স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ ফেব্রুয়ারি: ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে মা ও ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু মায়ের। আশঙ্কাজনক অবস্থায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাইপাস সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে, শান্তিপুর থানার বড় জিয়াকুর এলাকার বাসিন্দা দীপজয় সরকার নামে ওই ছাত্র শান্তিপুর বাইপাসের একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। তার মা বুধবার তাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় ওই স্কুলের ঢিলছোড়া দূরত্বে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে পিছন থেকে একটি গাড়ি এসে সজোরে তাদের ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় ওই ছাত্র এবং তার মা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিত্রী সরকার(আনুমানিক ৪০) নামে ওই গৃহবধূর। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে দু’জনকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কল্যাণীর জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। কি কারণে এমন ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

