অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ আগস্ট:
ছেলের হাতে খুন হল মা। নেশাগ্রস্ত অবস্থায় মায়ের উপর চড়াও হয়ে মা-কে পিটিয়ে খুন করল ছেলে। যদিও একাজ করে রেহাই পায়নি ছেলে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার চাঁদাবিলা গ্রাম পঞ্চায়েতের তপোবনের দরখুলি গ্রামে।
পুলিশ জানায়, মৃতের নাম আরতি ভক্তা দাস (৬০)। তাঁর ছোট ছেলে স্বপন দাস নেশাগ্রস্ত অবস্থায় আরতীদেবীকে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরতী দাসের দুই ছেলে। তার মধ্যে বড় ছেলে বলয় সে অন্যত্র থাকে। আর ছোটো ছেলে স্বপন প্রায় প্রতিদিন রাতেই মদ্যপ হয়ে বাড়ি ঢুকতেন। এদিন রাতেও তার ব্যতিক্রম ঘটেনি একটু বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তারপর বাড়িতে ঢুকেই স্বপন ও তার স্ত্রীর ঝগড়ার মাঝখানে মা বোঝাতে গেলে ছেলের বেধড়ক মারধরে প্রাণ যায় বৃদ্ধা মায়ের।
আরতী দেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে দেরি হয়নি। এরপর স্থানীয় বাসিন্দারাই নয়াগ্রাম থানায় খবর দেন। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপনকে গ্রেফতার করে।পলিশ আরতীদেবীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

