ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হোক, দিল্লিতে চিঠি শুভেন্দু অধিকারীর

রাজেন রায়, কলকাতা, ২৬ জুন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত করছে লালবাজারের বিশেষ তদন্তকারী দল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় তদন্তের দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সংস্থার তদন্ত চেয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখলেন নন্দীগ্রামের বিধায়ক। সেই চিঠিতে বিজেপি শাসিত রাজ্যগুলির ঢালাও প্রশংসা করেছেন তিনি। তবে বাংলার সরকার নিয়ে অসন্তোষ স্পষ্ট। কী ভাবে স্থানীয় প্রশাসনের ঢিল ছোড়া দূরত্বে এ ধরনের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ কিংবা গুজরাট যখন টিকাকরণের ক্ষেত্রে প্রতিদিনই লক্ষ্যমাত্রার শিখর ছুঁয়ে যাচ্ছে, বাংলা তখন অনেকটাই পিছিয়ে। দেবাঞ্জন দেবের বিস্তারিত উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে শুভেন্দুর আবেদন, গোটা বিষয়টির তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা। তিনি বলেন, মানুষের জীবন নিয়ে এখানে খেলা হয়েছে। একইসঙ্গে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শান্তনু সেন, লাভলি মৈত্রের সঙ্গে দেবাঞ্জনের ছবি প্রকাশ্যে আসার বিষয়টিরও উল্লেখ রয়েছে চিঠিতে।
শুভেন্দুর কথায়, “যদি কোনও অঘটন ঘটে যেত তখন বলত (রাজ্য সরকার) মোদীজির পাঠানো ভ্যাকসিন নিয়ে এই ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে টিকাকরণ নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে। শাসকদলের সাংসদ মিমি চক্রবর্তী ভ্যাকসিন নিচ্ছেন, সাধারণ মানুষকেও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *