বগুলায় পঞ্চায়েত সদস্যার স্বামী গুলিবিদ্ধ, জেলা তৃণমূল নেতৃত্ব পরিবারের সাথে দেখা করে দিলেন দুষ্কৃতীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মার্চ: নদিয়ার বগুলায় গুলিবিদ্ধ শিক্ষক সহদেব মন্ডল, আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে।

বগুলা মুড়োগাছা দরগাতলার বাড়িতে সকাল থেকে একের পর এক তৃণমূল নেতা পরিবারের পাশে থেকে দুষ্কৃতীদের শাস্তির আশ্বাস দিয়েছেন। তার স্ত্রী অনিমা মন্ডল স্থানীয় বগুলা পঞ্চায়েতের তৃণমূলের জয়ী সদস্য। স্বভাবতই ওই এলাকার সুসংগঠক হওয়ার কারণে, হাঁসখালি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির রায়, প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিশ্বাস, হাঁসখালি ১ নম্বর ব্লকের যুব সভাপতি সুবীর বিশ্বাস এবং দু’নম্বর ব্লক সভাপতি বিপিন সাধুখাঁ, সহ জেলা এবং ব্লক তৃণমূলের প্রায় সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এই এলাকায়। তদন্ত শুরু হয়েছে জোর কদমে। তিনি আশাবাদী দুষ্কৃতীকে অল্প সময়ের মধ্যেই ধরতে সক্ষম হবে প্রশাসন। পরিবারবর্গের পাশে থেকে উপযুক্ত বিচারের জন্য সবরকম সহযোগিতা করবেন বলে জানান তিনি।

সহদেববাবুর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়েও তিনি ওই নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বলেন বলে জানা গেছে পরিবার সূত্রে। যদিও প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার জানান, প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও অধরা রয়েছে দুষ্কৃতী। শুধু তাই নয় এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছিলো ওই দুষ্কৃতী, সে ব্যাপারেও হাঁসখালী থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও এখনো ঘুরে বেড়াচ্ছে ওই দুষ্কৃতী। অবিলম্বে পুলিশ তাকে গ্রেপ্তার না করলে বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *