বিলকান্দার গেঞ্জি কারখানার ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৪ কর্মীর পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হল ২ লাখ টাকার চেক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ মে: নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত বিলকান্দার গেঞ্জি কারখানার ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৪ কর্মীর পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হল ২ লাখ টাকার চেক। অগ্নিকাণ্ডে নিখোঁজ থাকা তন্ময় ঘোষ, সুব্রত ঘোষ, স্বরূপ ঘোষ ও অমিত সেন এই চারজন কর্মীকে তিনদিন পরে আজ শনিবার ওই গেঞ্জি কারখানার ভিতরে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। আর এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই মৃত চার কর্মীর পরিবারে।

বুধবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে ওই গেঞ্জির কারখানায়। ৫০ ঘণ্টা চেষ্টার পর অবশেষে শনিবার সকালে আগুন নিয়ন্ত্রনে আসে। তারপার পুলিশ প্রশাসন, দমকল কর্মীরা ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা কারখানার ভেতরে ঢুকে ওই মৃত দেহগুলি কারখানার ৩ তলার শিড়িতে পড়ে থাকতে দেখেন। মৃত দেহগুলি সনাক্ত করার জন্য মৃতের পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদেহ মিলতেই মৃত যুবকদের পরিবারকে ব্যারাকপুর দু’নম্বর ব্লকের বিডিও অফিসে ডেকে সমবেদনা জানান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ জন শ্রমিকের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন সাংসদ সৌগত রায়।

সুব্রত ঘোষ স্বরূপ ঘোষদের বাবা বলেন, ছেলের থেকে টাকা বড় নয়। এই মুহূর্তে যে অসহায়তার মধ্যে দিন গুজরান করছি আমরা। তাই সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে তাতে সাধুবাদ জানাই। তবে ছেলে হারানোর কষ্ট বেদনা কখনো ভুলতে পারবো না। পাশাপাশি সাংসদ সৌগত রায় এই পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *