Sukanta, BJP, শিক্ষার ভবিষ্যৎ স্কিল এডুকেশন! রাজ্যে অষ্টম শ্রেণি থেকেই দক্ষতা ভিত্তিক শিক্ষায় জোর, জানালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৩ জুলাই: আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় স্কিল এডুকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, ছাত্র- ছাত্রীদের কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে স্কুল স্তর থেকে বিভিন্ন ধরনের দক্ষতার সঙ্গে পরিচিত করে তুলতে হবে। শুক্রবার কলকাতায় আপাই- এর উদ্যোগে আয়োজিত ফ্রি কাউন্সিলিং শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, আগামী দিনে স্কিল এডুকেশন দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠবে। সেই কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরো বেশি করে স্কিল বেস প্রোগ্রাম চালু করতে হবে। শিল্প ক্ষেত্রে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই ভবিষ্যতের লক্ষ্য হওয়া উচিত বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি জানান, এই পরিবর্তনের সূচনা ইতিমধ্যেই করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্কুল স্তর থেকেই দক্ষতা- ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিতে শুরু করেছে সরকার। অষ্টম শ্রেণি থেকে ছাত্র- ছাত্রীদের এমনভাবে বিভিন্ন দক্ষতার সঙ্গে পরিচয় করানো হচ্ছে যাতে তারা ভবিষ্যতে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যেতে পারে। স্কুল জীবনে কোনো না কোনো স্কিলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যতের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতে আগামী দিনে শিক্ষা শুধুমাত্র পরীক্ষার ফল বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যবহারিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং কর্মসংস্থানের উপযোগী স্বক্ষমতা তৈরির ওপর জোর দিতে হবে। অষ্টম শ্রেণি থেকে স্কিলভিত্তিক শিক্ষার যে উদ্যোগ শুরু হয়েছে সেটা আগামী দিনে শিক্ষার ভবিষ্যৎ বলেও মত প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *