মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন কাটলো নির্বিঘ্নে, বাঁকুড়ার হাতি উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীদের যাতায়াতের বিশেষ ব্যবস্থা বন বিভাগের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ ফেব্রুয়ারি: নির্বিঘ্নে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। আজ প্রথমদিনের পরীক্ষায় কোথাও কোনোও অশান্তির খবর মেলেনি। জেলার ৩০ হাজার ছাত্র ছাত্রী আজ জীবনের প্রথম কোনও বড় পরীক্ষায় অবতীর্ণ। জেলার ১১৬টি পরীক্ষা গ্ৰহণ কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নজরদারি রাখতে ব্যবস্থা করা হয়েছে সিসিটিভির। পরীক্ষা শুরুর আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।

এদিকে হাতি উপদ্রুত বড়জোড়া, বেলিয়াতোড় এলাকার বন সন্নিহিত গ্ৰামের প্রায় শতাধিক পরীক্ষার্থীদের জোরদার নিরাপত্তার ব্যবস্থা করে বন বিভাগ। ঘন জঙ্গলের রাস্তায় হুলা পার্টি হুলা অর্থাৎ আগুনের মশাল জ্বালিয়ে নজরদারি চালায়। পাশাপাশি হাতির গতিবিধির নজর রাখে তারা। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার ও বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়।

মধ্যশিক্ষা পর্ষদের জেলা আহ্বায়ক গৌতম দাস জানান, পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। কোথাও কোথাও গন্ডগোলের খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *