স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলায় ১১৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩১ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে সচেষ্ট ছিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন।

শুধু কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা করাই নয়, নানান সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকেন পুলিশ কর্মীরা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল এবং পানীয় জলের বোতল তুলে দিল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর উচ্চ বিদ্যাচক্র স্কুল মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো জলের বোতল ও গোলাপ।

রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি সদর রিপন বল সহ অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা এই উদ্যোগে অংশ নেন। এর পাশাপাশি স্কুল সংলগ্ন এলাকায় রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে একটি “মাধ্যমিক পরীক্ষার্থী পুলিশ সহায়তা কেন্দ্র” চালু করা হয়।

