সাথী দাস, পুরুলিয়া, ৩০ নভেম্বর: পুরুলিয়া আর পি এফের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর থেকে বেঁচে গেলেন এক মহিলাযাত্রী। ভুল ট্রেন উঠে পড়ে ছিলেন পড়ে ছিলেন দুই মহিলা। তারপর চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে ঝাঁপ দেন। গড়াতে গড়াতে ট্রেনের তলায় চলে যাওয়া থেকে এক মহিলা যাত্রীকে বাঁচালেন আরপিএফ কর্মী।
পুরুলিয়া স্টেশনে ভুল ট্রেনে চেপে বসেন দুই মহিলা যাত্রী।
ট্রেন গতি নিয়ে নেবার পর তাঁরা নিজেদের ভুল বুঝতে পারেন। এরপর মরিয়া হয়ে চলন্ত ট্রেন থেকে নামতে যান ওই দুই মহিলা। তাদের একজন কিছুটা দূরে প্লাট ফর্মের উপর পড়ে গেলেও আরেক জন ট্রেনের একেবারে কাছে পড়ে যান। ধীরে ধীরে ট্রেনের চাকার দিকে গড়াতে থাকেন তিনি। এটা নজরে আসতেই ওই যাত্রীর কাছে ছুটে পৌঁছে যান কর্তব্যরত আর পি এফ বাবলু কুমার। তিনি মহিলাকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে আনেন। দুই যাত্রীরই হাতে পায়ে চোট পান ও ছড়ে যায় বিভিন্ন অংশে। এরপর দুই মহিলা যাত্রীকেই প্রাথমিক শুশ্রূষা করা হয়।

জানা গেছে দুই মহিলাই ঝালদার বাসিন্দা। তাঁরা ভুল করে সাঁতরাগাছি–আনন্দ বিহার এক্সপ্রেসে উঠে পড়েছিলেন। পরে সহযাত্রীদের থেকে জানতে পেরে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তাঁরা। যাত্রীদের এই অসচেতনতা নিয়ে বার বার সমস্যায় পড়ে আর পি এফ ও রেল কর্তৃপক্ষ। সোমবার বিকেলের ওই ঘটনার পর যাত্রী সচেতনতা বাড়াতে মাইকে প্রচার চালায় স্টেশন কর্তৃপক্ষ।

