জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ মে: ভোট পরবর্তী গন্ডগোলে নিহত দুই বিজেপি কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে সাহায্য করল রাজ্য বিজেপি নেতৃত্ব। সোমবার কর্মীদের পরিবারের হাতে দুটি চেক তুলে দেওয়া হয়েছে। সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কুণার হেমরম।
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহ পর ঝাড়গ্রাম থানা এলাকার নেতুরা গ্রামে তারক সাউ এবং খাটকুরা গ্রামে কিশোর মান্ডি নামের দুই বিজেপি কর্মী খুন হন। দুটি ঘটনাতেই অভিযোগের আঙ্গুল তোলা হয় শাসক দল তৃণমূলের দিকে। এর পরেই দলীয় কর্মীদের শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ঝাড়গ্রাম জেলা ও রাজ্যের বিজেপি নেতৃত্ব। সেইমতো আজ দলের পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক লক্ষ্মী সাউ ঝাড়গ্রাম জেলার বিজেপির সাধারণ-সম্পাদক সনজিৎ মাহাতো সহ জেলা নেতৃত্ব বিকাশ বেজ ও তুফান মাহাতোকে সঙ্গে নিয়ে মৃত দুই বিজেপি কর্মীর বাড়িতে যান এবং তারক সাউয়ের বাবা অশোক সাউ ও কিশোর মান্ডির স্ত্রী মালতি মান্ডির হাতে পাঁচ লক্ষ টাকার করে দুটি চেক তুলে দেন।

