স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ এপ্রিল: বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি রানাঘাট থানার অন্তর্গত সরকার ন’পাড়া এলাকার। সত্তরোর্ধ্ব বৃদ্ধা অভিযোগ দায়ের করেছেন রানাঘাট থানায়।
ওই বৃদ্ধা জানান, তাঁর স্বামী মারা যাওয়ার পর তার বড় ছেলে রবিন ঘোষ তিন বছর আগে জোর করে নিজের নামে ঐ বৃদ্ধার সম্পত্তি লিখে নেয়। সেই সময় বৃদ্ধা কোনও অভিযোগ করেননি। গত ২২ এপ্রিল রবিন ঘোষ এবং তার স্ত্রী সন্ধ্যা ঘোষ ওই বৃদ্ধা এবং তাঁর মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে সুকুমার ঘোষকে মারধর করে। বৃদ্ধার অভিযোগ, মুখে বালিশ চাপা দিয়ে ধরে তাকে মেরে ফেলারও চেষ্টা করে তার বড় ছেলে। প্রতিবেশীরা কোনওরকমে আহত বৃদ্ধা ও তার ছোট ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়।
নিরুপায় হয়ে গত ২২ তারিখ থেকে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নেন ওই বৃদ্ধা। তিনি জানান, সেই দিনের পর থেকে তাঁর ছোট ছেলে নিখোঁজ। পরে প্রতিবেশীদের সহায়তায় প্রশাসনের দ্বারস্থ হন। পুলিশের কাছে বৃদ্ধার একান্ত অনুরোধ, তার ছোট ছেলে ও নিজের বসত বাড়ি ফিরে পাওয়ার। এর পাশাপাশি সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন ঐ বৃদ্ধা।

