রাজেন রায়, কলকাতা, ২২ জানুয়ারি: গত কয়েকদিনের কড়া নিয়মকানুনের পর রাজ্যে ফের কমছে করোনার গ্রাফ। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ফের শিক্ষাক্ষেত্রের দরজা খুলে দেওয়ার কথা ভাবছে সরকার। করোনার প্রথম দ্বিতীয় ঢেউ পেরিয়ে সবে খুলেছিল বিদ্যালয়ের দরজা। মাঝের সময় টুকুর মধ্যে তো হাজার হাজার ছেলে মেয়ে ভুলতেই বসেছিল স্কুল, টেবিল চেয়ার বেঞ্চের কথা। মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কিছু দিনের জন্য খুলে গিয়েছিল স্কুলের গেট। তবে খোলা থাকেনি বেশিদিন।
ডিসেম্বরের শেষ দিকে মানুষের আনন্দোৎসবের ফল হিসেবে তরতর করে ফের বাড়ে কোভিডের গ্রাফ। আর বিধি নিষেধ জারির দিনে রাজ্য সরকার সবকিছু কমবেশি খোলা রাখলেও তড়িঘড়ি সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয় শিক্ষা ক্ষেত্রের দরজা। শিক্ষার্থীদের স্বার্থে স্কুল খোলা নিয়ে বামেরা পথে নেমেছে। সূত্রের খবর, এবার স্কুল খোলার পক্ষে সম্মতি জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে প্রস্তাব দিয়েছে শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল খোলার বিষয়ে নাকি একদফা আলোচনা হয়েছে উভয় পক্ষের।
সূত্রের খবর, পড়ুয়াদের স্বাস্থ্য সংক্রান্ত বিশ্লেষণের জন্য স্বাস্থ্য দফতরের সঙ্গেও বসবে বৈঠক। ওয়াকিবহাল মহলের মতে এবারের ওমিক্রন অতটাও ক্ষতিকারক নয়, সেই কারণেই হয়তো আগের মত ধাপে ধাপে স্কুল খোলার পথে হাঁটতে পারে সরকার।
উল্লেখ্য, সোমবার থেকেই খুলে যাচ্ছে মহারাষ্ট্রের স্কুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তারাও স্কুল খোলার পক্ষে সওয়াল করেছেন। জোড়া মামলা চলছে হাইকোর্টেও। এবার কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সরকার, প্রশ্ন এখন সেটাই।

